তিন ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ মাদ্রাসা ঘেরাও

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ এএম

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসায় তিন ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে মাদ্রাসা ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাতে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজখানা বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ছাত্রদের উদ্ধারের পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগ ওঠা এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মওলানা তাহাজ উদ্দিন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা। মাদ্রাসাটিতে বিভিন্ন জেলার শিশুরা বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসায় তিন শিশুকে যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পেলে বৃহস্পতিবার দিবাগত রাতে মাদ্রাসাটি ঘেরাও করে বিক্ষুব্ধ লোকজন। মাদ্রাসাটি স্থানীয় এমপি ও জেলা জামায়াতের আমির মাওলানা তাহাজ উদ্দিনের মালিকানাধীন হওয়ায় স্থানীয় জামায়াত কর্মীরা এ সময় মাদ্রাসা রক্ষায় এগিয়ে আসেন। ফলে বিক্ষুব্ধ লোকজন আরও উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ঘটনার বিচার ও অভিযোগ ওঠা ওই শিক্ষকের বিচার দাবিতে থানা ঘেরাও করেন। পুলিশ মাদ্রাসা থেকে তিন শিশুকে উদ্ধার করে এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শিক্ষকের নাম নূর উদ্দিন। তিনি মাদ্রাসার আরবি শিক্ষক। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার টেংগাচোড়া গ্রামে। তার পিতার নাম আব্দুল মজিদ।

এ ঘটনায় এক শিশুর বাবা মুজিবনগর থানায় মামলা করেছেন। মামলার বাদী সাইদুর রহমান জানান, তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদা দূর্গাপুর গ্রামে। তার ছেলে মাদ্রাসার পঞ্চম শ্রেণির হিফজ বিভাগে পড়ে। অন্য এক ছাত্রের অভিভাবকের মাধ্যমে তিনি যৌন নিপীড়নের ঘটনা জানতে পেরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাদ্রাসায় পৌঁছেন। তার ছেলের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, বোর্ডিংয়ের আরবি শিক্ষক নূর উদ্দিন তাকেসহ তিন ছাত্রকে মাঝেমধ্যেই গভীর রাতে রুমে নিয়ে খারাপ কাজ করতেন। ঘটনার দিনও তার সঙ্গে কয়েকবার খারাপ কাজ করেছেন ওই শিক্ষক।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় এক শিশুর অভিভাবক বাদী হয়ে থানায় যৌন নিপীড়নের মামলা করেন। মাদ্রাসাটি মেহেরপুর জেলা জামায়াতের আমিরের মালিকানাধীন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত