হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দুজন ঢাকায় এবং দুজন চট্টগ্রামে মারা যায়। গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪৪ শিশুর। হামে মৃত্যু হয়েছে ৩২ শিশুর। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোলরুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক দিনে হাম সন্দেহজনক রোগী এক হাজার ১৭৭ জন, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৮। ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহজনক রোগী ১৩ হাজার ৪৯৭ জন। হাসপাতালে ভর্তি হয়েছে আট হাজার ৯১০ জন। নিশ্চিত হাম রোগী দুই হাজার ৪০৯ জন। ছাড়পত্র পেয়েছে ছয় হাজার ৬০৯ জন।

এদিকে হাম প্রতিরোধে গত রবিবার থেকে দেশের ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ শিশু টিকা নিয়েছে। রাজধানীসহ দেশের কয়েকটি সিটি করপোরেশন এলাকায় আগামীকাল ১২ এপ্রিল থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এ কার্যক্রম চালু হবে। ৩ মে থেকে সারা দেশে সম্প্রসারণ করার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকা কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত