নীলফামারীতে চীন সরকারের অনুদানে ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা’ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল শুক্রবার সকালে জেলার দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, ‘নীলফামারীতে বিমানবন্দর আছে। এটি আন্তর্জাতিক পর্যায়ে রূপান্তরের পরিকল্পনা চলমান রয়েছে। এখানে রেল যোগাযোগ আছে। যা আরও উন্নত হবে। এখানে সড়ক যোগাযোগে মহাসড়ক আছে। সার্বিক যোগাযোগ কাঠামোর এই সুফল আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই। এছাড়াও এখান থেকে সার্ক অঞ্চলের যোগাযোগটা সহজ। সেক্ষেত্রে এ এলাকা হবে চিকিৎসার হাব এবং সেন্টার অব এক্সিলেন্স। এসব দিক বিবেচনাতেই এই স্থানকে সুপারিশ করেছি।’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
