ফেডারেশন কাপের মতো একপেশে হলো না বসুন্ধরা কিংস-আরামবাগ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ। চার দিন আগে ফেডারেশন কাপে আরামবাগকে ৫-০ ব্যবধানে হারিয়েছিলেন ডরিয়েলটন-রাকিবরা। এবার সেই আরামবাগকে হারাতে ঘাম ঝরাতে হলো কিংসকে।
নিজেদের মাঠে শেষপর্যন্ত ২-১ গোলের জয়ে লিগে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস।
লিগের দ্বাদশ রাউন্ড শেষ হলো। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। পুলিশ এফসিকে দিনের অন্য ম্যাচে ২-০ গোলে হারানো ফর্টিস এফসি ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২২।
কিংস অ্যারেনায় শুরু থেকে অনুমিতভাবেই আরামবাগের রক্ষণে চাপ দিতে থাকেন ডরিয়েলটন, সানডেরা। সম্মিলিত আক্রমণে ২৪ মিনিটে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের একটু উপর থেকে তিনি কাটব্যাক করেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর উদ্দেশে, নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চলতি লিগ সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন ডরিয়েলটন। এখন তার গোল ১৩টি। ৯ গোল নিয়ে তার পরে আছেন আবাহনীর সুলেমানে দিয়াবাতে।
পাল্টা আক্রমণ থেকে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। সতীর্থের থ্রু পাস ধরে ডরিয়েলটনের আড়াআড়ি ক্রসে এমানুয়েল সানডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। আরামবাগ গোলকিপার আজাদ হোসেন প্রতিরোধ গড়ার তেমন কোনো সুযোগই পাননি।
দ্বিতীয়ার্ধে আরামবাগের খেলায় ধার বাড়ে। ৫৫ মিনিটে ঘানার ফরোয়ার্ড কিজিতো কেওয়ামে সতীর্থের লং পাস বাহু দিয়ে নামিয়ে জাল খুঁজে নিয়েছিলেন, কিন্তু সহকারী রেফারি তোলেন পতাকা। শুরুতে অফসাইডের মনে হলেও পরে তিনি জানান, বল রিসিভের সময় কিজিতোর বাহুর উপরের অংশ নয়, নিচের অংশে লেগেছিল। রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানাতে থাকে আরামবাগ। কিজিতোও বারবার দেখাতে থাকেন, বাহুর উপরের অংশ দিয়েই বল রিসিভ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তই অটুট থাকে।
৬৩ মিনিটে ম্যাচে ফিরে আরামবাগ। সতীর্থের থ্রু পাস ধরে এমানুয়েল টনির প্রতিরোধ এড়িয়ে ঘানার বাদলী খেলোয়াড় ল্যানটেই-মিলসের নেওয়া শটে পরাস্ত হন আনিসুর রহমান জিকো। কিন্তু পরে আর তারা পায়নি সমতাসূচক গোলের দেখা।
সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ৯ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
'চাকার' তারিকের থেমে গিয়ে বোলিঙে ক্ষুব্ধ মিচেলকে বোঝালেন শরফুদ্দৌলা