ঝিনাইদহ সীমান্তে চোরাই মালামাল ও মদ উদ্ধার, আটক ২

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাংগা বিওপি'র বিজিবি সদস্যরা মেইন সীমান্ত পিলার ৬০/৪৩-আর সংলগ্ন বাঘাডাঙ্গা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। 

এ ছাড়া বিজিবির পৃথক অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল, ১৭১ বোতল ভারতীয় মদসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী পৃথক সময়ে পরিচালিত বিজিবির একাধিক অভিযানে এসব মাদকদ্রব্য, মালামাল উদ্ধার ও বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটক বাংলাদেশি হলেন, নড়াইল সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামরর আজিবর কাজীর ছেলে হায়াতুর কাজী (৫৪)। তবে আটক নারীর নাম প্রকাশ করেনি বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাংগা বিওপি'র বিজিবি সদস্যরা মেইন সীমান্ত পিলার ৬০/৪৩-আর সংলগ্ন বাঘাডাঙ্গা গ্রাম থেকে হায়াতুর কাজী নামে বাংলাদেশিকে আটক করে। এ সময় অপর এক নারীকে আটক করা হয়। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবি দাবি করেছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, মাধবখালী বিওপি'র পৃথক অভিযানে সীমান্ত মেইন পিলার ৭১/৩-এস সংলগ্ন ধোপাখালী গ্রামে অভিযান চালায় বিজিবি। সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানে ৫৪৬৭ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

অপরদিকে সীমান্তের উথলী বিওপি'র অভিযানে ধুপাখালী মাঠপাড়া এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় সিরাপ জাতীয় মাদক উদ্ধার করা হয়।

এছাড়া শনিবার দুপুরে মাধবখালী, কুসুমপুর ও যাদবপুর বিওপির পৃথক অভিযানে ১১১ বোতল ভারতীয় মদ এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তবে মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত মাদক ও চোরাই মালামাল বিজিবির মালখানায় জব্দ দেখানো হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক দুজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত