লালমনিরহাটে দুই দিনের সফরে রওনা দেওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজ নির্বাচনী জেলা লালমনিরহাটে দুই দিনের সরকারি সফরে যাওয়ার উদ্দেশে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। অবতরণের পর তিনি বিমানবন্দরের ভিআইপি রেস্টরুমে অবস্থান করেন এবং সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে তিনি তীব্র মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে দুপুর ১২ টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে শেষ মুহূর্তে আবারও অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরে দুপুর ৩ টার দিকে আর্মি অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবরে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তিনি লালমনিরহাট ও উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
