রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় কোনো ধরনের বিশেষ প্রটোকল ছাড়াই তিনি মিলনায়তনে উপস্থিত হয়ে নাটকের পুরো প্রদর্শনীটি দেখেন। প্রধানমন্ত্রী মিলনায়তনে প্রবেশ করলে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সাধারণ দর্শকদের সঙ্গেই তিনি নির্ধারিত আসনে বসে নাটকটি উপভোগ করেন।
প্রদর্শিত নাটকটি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে নির্মিত। প্রধানমন্ত্রীর উপস্থিতি নাট্যদল ও কলাকুশলীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী নাটকের নির্দেশক, অভিনেতা এবং অন্য কলাকুশলীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দেশের সুস্থ ধারার সাংস্কৃতিকচর্চাকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
বেইলি রোড, যা কি-না ঢাকার ‘নাটক পাড়া’ হিসেবে পরিচিত, সেখানে সরকারপ্রধানের উপস্থিতি দেশের শিল্প ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং গুরুত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে বেইলি রোড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘœ ঘটেনি। নাটক শেষে তিনি উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে মিলনায়তন ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রসঙ্গত এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানম-ির সীমান্ত সম্ভারে সিনেপ্লেক্সে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি’ উপভোগ করেন প্রধানমন্ত্রী।
