আগামী কোনো নির্বাচনেই বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘বিএনপি সরকার গণমানুষের ভোটে নির্বাচিত। আগামীতে যত নির্বাচন আসবে সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সব নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে।
গতকাল শনিবার রাজধানীর জিয়া সরণি খাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে, আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জিয়া সরণি খাল উদ্ধার, পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন করে পানির প্রবাহ সচল রাখা হবে। আমরা আপাতত পানি প্রবাহ সচল রাখার কাজ করছি। তিনি বলেন, বর্ষা মৌসুমের পরে এই খালের দুই ধার বাঁধাই করা হবে জানিয়ে পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, জিয়া সরণি খালটি বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী জুলাই থেকে এই প্রকল্প শুরু হবে। এ ছাড়া ৯০০ কোটি টাকা ব্যয়ে শ্যামপুর খাল সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে জনপ্রতিনিধিরা সমস্ত রাস্তাঘাট, খাল পুনরুদ্ধার করবেন এবং আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে বলেও প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দখল হয়ে যাওয়া খালগুলো সিএস পর্চা ও ম্যাপ অনুযায়ী প্রথমে দখলমুক্ত করা হবে। পরবর্তী সময়ে অবৈধ দখলদারের তালিকা করে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
