হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। অবস্থা সংকটাপন্ন। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের কিংবদন্তি এই সংগীতশিল্পীর। এরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে তার চিকিৎসা চলছে।

এদিকে আশা ভোঁসলের নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার দাদি আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।’ 

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত