মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাটাই মনে পড়ছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:২১ এএম

পহেলা বৈশাখে আসছে মডেল-অভিনেত্রী সাফা কবির অভিনীত ওয়েব ফিল্ম ‘চা গরম’। তার আগে আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর একটি সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হবে শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত এই ফিল্মটির। এর আগেও বাংলাদেশে চা বাগানের ভেতরের মানুষের জীবনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা তৈরি হয়েছে। তবে অভিনেত্রী সাফা কবিরের ভাষ্যমতে, চা বাগানের শ্রমিকদের জীবনের আবেগ-অনুভূতি, সুখ, দুঃখ, হাসি কান্না, প্রেম ভালোবাসা, জীবনের ভয়াবহতা, নির্মমতা এর আগে কোনো নাটকে তুলে ধরা হয়েছে কী না তার জানা না থাকলেও এই ওয়েব ফিল্মে তা ভীষণ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

সাফা কবির বলেন, ‘এর আগেও আমি চা বাগানে নাটক করেছি। তবে সেসব নাটকে চা বাগানের জীবনের গল্প বোঝাকে চা বাগানটা শুধুই ব্যাকড্রপ হিসেবে ছিল। এই ওয়েবফিল্মে কাজ করতে গিয়ে চা বাগানের শ্রমিকদের জীবনকে খুব কাছে থেকে দেখেছি। তাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য একটি ভালো স্কুল নেই, নেই হাসপাতাল, ঠিকঠাক মতো মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না। তিনি আরও বলেন, সেই আদিকালের নিয়ম এখনো অব্যাহত। সারা দিন কাজ শেষে যে পারিশ্রমিক পায় তা নামে মাত্র।’

এই মডেল-অভিনেত্রী আরও বলেন, চা বাগানের শ্রমিকদের জীবন যাত্রা দেখে আমার কেবল কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটাই মনে পড়ে যায়। তিনি তার পদ্মা নদীর মাঝি’র গল্পে লিখেছিলেন, ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। তো এই ওয়েব ফিল্মে আমি একজন ইন্টার্ন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছি। সবাইকে এই ওয়েব ফিল্মটি দেখার বিনীত অনুরোধ রইল। কারণ আমাদের এই ওয়েবফিল্ম নির্মাণের উদ্দেশ একটাই, আর তা হলো চা বাগানের শ্রমিকরা যেন ন্যায্য পারিশ্রমিক পায়। সরকারও যেন এগিয়ে আসে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত