উপহারের মাছ বিক্রি হচ্ছে নিলামে

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

গলদা, বাগদা চিংড়ি এবং রূপচাঁদা সহ ২০ মেট্রিক টন মাছ কেনা হয়েছিল কুয়েত সরকারের কাছে উপহার পাঠানোর জন্য। তবে নানা জটিলতায় এই মাছ পাঠানো সম্ভব হয়নি। ফলে এই মাছ এখন নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

জানা গেছে, টিসিবি গত ১৮ আগস্ট একটি নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে- সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্য উপহার হিসেবে পাঠানোর জন্য টিসিবি প্রিমিয়াম কোলাটির ২০ মেট্রিক টন মাছ কিনেছিল। যেখানে ১০ মে টন গলদা চিংড়ি, ৫ মে টন করে বাগদা ও রূপচাঁদা কেনা হয়। 

তবে গোল বাধে ফ্লাইট জটিলতায়। কুয়েত সরকারের পক্ষ থেকে ফ্লাইট পাঠানোয় বিভিন্ন জটিলতার কারণে এই মাছগুলো আর পাঠানো সম্ভব হয়নি। যা খুলনার ট্রাস্ট সী ফুড ইন্ডাষ্ট্রিজ লি এর প্রসেসিং প্ল্যান্টে সংরক্ষণ করা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই মাছগুলো নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

টিসিবি নিলামে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২৫ তারিখের মধ্যে অংশগ্রহণের আবেদন চেয়েছে। তবে যারা নিলামে মাছ নিতে চান তাদেরকে কমপক্ষে ৫শ কেজি মাছ কিনতে হবে। আর নিলামে অংশ নিতে হলে ফেরতযোগ্য ১৫ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে। অংশগ্রহনকারীরা ২৩ ও ২৪ আগস্ট মাছের নমুনা পরিদর্শন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি। 

টিসিবির দেওয়া বিভিন্ন শর্তের মধ্যে বলা হয়েছে, নিলাম পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধ করে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে মাছের সরবরাহ নিতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত