১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন। এর আগে, গত ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে পুনর্বহাল করে সরকার।
প্রায় দেড় দশক আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকার সময় বিতর্ক তৈরি করে সমালোচনার মুখে পড়েন কোহিনূর মিয়া। ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ আমলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করা হয়।
