ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন আইনজীবী।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
ফেসবুক পোস্টে তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠায় এবং বিজ্ঞ আইনজীবীদের অধিকার রক্ষায় কাজ করতে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ)-এর তিন নেতা আইনজীবী ঐক্য পরিষদ তথা সবুজ প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।
তাঁরা হলেন-সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মেহেদী হাসান ভুঁইয়া (ব্যালট নম্বর-০৩, আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার), সদস্য পদে বেলাল হোসাইন (ব্যালট নম্বর-০২, যুগ্ম আহ্বায়ক, এনএলএ, ঢাকা বার) এবং সদস্য পদে মো. মহসীন রেজা (ব্যালট নম্বর-১০, যুগ্ম সদস্য সচিব, এনএলএ, ঢাকা বার)।
নাহিদ ইসলাম সবুজ প্যানেলের সব প্রার্থীর প্রতি দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট চেয়ে বলেন, বিজ্ঞ আইনজীবীগণকে এ তিনজনসহ সম্পূর্ণ সবুজ প্যানেলকে দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আন্তরিক অনুরোধ করছি।