ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তিনি সংবর্ধনা নিতে নয়, বরং এ জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই লালমোহনে এসেছেন। বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে প্রদত্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি মাওলানা আওয়াল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, নির্বাচনের প্রায় দুই মাস পর তিনি এলাকায় এসেছেন শুধুমাত্র ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, ফলে ইচ্ছা থাকলেও নিয়মিত এলাকায় আসা সম্ভব হয় না।
স্পিকার আরও বলেন, সংসদে আইন প্রণয়নের কাজ রাজনৈতিক দলগুলো করলেও স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকেন। গণতন্ত্রের ধারা তুলে ধরে তিনি বলেন, একটি সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় এবং নির্ধারিত সময় শেষে নির্বাচনের মাধ্যমেই নতুন সরকার গঠিত হয়-এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। উপস্থিত জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি লালমোহনে স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন।
