মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছে তেহরান।
শুক্রবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানিরা সবকিছুতেই সম্মত হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণও রয়েছে।' তিনি জানান, এই কাজের জন্য কোনো মার্কিন স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। 'আমরা তাদের সঙ্গে সমন্বয় করে সেখানে গিয়ে এটি গ্রহণ করব এবং পরে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব,' বলেন তিনি।
ট্রাম্প আরও বলেন, 'আমরা একসঙ্গে এটি গ্রহণ করব, কারণ তখন একটি চুক্তি থাকবে এবং লড়াইয়ের কোনো প্রয়োজন হবে না। এটা সবচেয়ে ভালো বিকল্প।' তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পাশাপাশি কাজ করে এসব উপাদান সংগ্রহ করবে এবং পরে তা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবে।
তিনি দাবি করেন, ইরান আঞ্চলিকভাবে তাদের প্রক্সি বাহিনী ও 'সন্ত্রাসী গোষ্ঠীগুলোর' প্রতি সমর্থন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রসঙ্গে তিনি হিজবুল্লাহ ও হামাসের নাম উল্লেখ করেন। তবে তিনি জানান, বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবরোধ চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও যুদ্ধবিরতির সময় তারা হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ইরান আর কখনো এই প্রণালিকে বিশ্ববাণিজ্যের বিরুদ্ধে 'অস্ত্র' হিসেবে ব্যবহার করতে পারবে না।
এদিকে নিজের কৃতিত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, 'আমি ১০টি যুদ্ধের অবসান ঘটিয়েছি, যার মধ্যে ইরান ও লেবাননের যুদ্ধও রয়েছে।'
