অ্যামোনিয়া সংকটে এবার বন্ধ হলো ডিএপি সার কারখানা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারখানাটির মজুতকৃত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় শনিবার (১৮ এপ্রিল) রাতে থেকে উৎপাদন বন্ধ করতে বাধ্য হন তারা। 

এবিষয়ে ডিএপি সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল জানান, মজুতকৃত অ্যামোনিয়া দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ার পর নতুন করে সরবরাহ না আসায় কারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।

এর আগে ৪ মার্চ গ্যাস সংকটের কারণে রাষ্ট্রয়াত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও বহুজাতিক কোম্পানির সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বন্ধ হয়ে যায়।এতে কারখানা দুটির ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি সারকারখানাটি এই দুই প্রতিষ্ঠানের ওপর অ্যামোনিয়া সরবরাহের জন্য নির্ভরশীল ছিল।

এদিকে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকো সার কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় মজুত অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা ফুরিয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে সুষম সার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। তবে বর্তমানে উৎপাদন সক্ষমতা ৬০০ থেকে ৭০০ মেট্রিক টনের মধ্যে সীমাবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত