যদি ইংরেজি শিখতে চাও

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ এএম

কোনো ভাষা শেখার সহজ উপায় হলো সেই ভাষায় পড়া, শোনা, বলা ও লিখতে পারার দক্ষতা অর্জন করা। ইংরেজি ভাষা শিখতে হলেও অর্জন করতে হবে এই চারটি দক্ষতা। ইংরেজি ভাষায় পড়া, শোনা, বলা ও লেখায় দক্ষ হওয়ার উপায় জানাচ্ছেন লিজা চৌধুরী

পড়া

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রচুর বই পড়তে হবে। প্রথমে হয়তো সব শব্দের অর্থ বুঝবে না। তখন ডিকশনারির সাহায্য নেবে। পড়ার মাধ্যমে ইংরেজি ভাষার শব্দভা-ার তোমার আয়ত্তে আসবে। ইংরেজি ভাষার সাহিত্য পাঠের পাশাপাশি নিউজ পেপারের আর্টিকেল ও নিউজ, ইংরেজি গল্প, ম্যাগাজিন প্রভৃতিও পড়তে পারো। এটি একদিন-দুদিন বা এক মাস-দুই মাসের প্রক্রিয়া নয়। বরং ধারাবাহিক প্রক্রিয়া। এভাবে পড়তে পড়তে দেখবে একসময় ইংরেজি ভাষার কোনো গল্প বা আর্টিকেল পড়তে তোমাকে ডিকশনারির সহযোগিতা নিতে হচ্ছে না। তখন বুঝবে, তুমি ইংরেজি ভাষায় পড়ার দক্ষতা অর্জন করতে পেরেছ। তবে শব্দভা-ার সমৃদ্ধ করার প্রক্রিয়া থামালে চলবে না।

শোনা

শোনার দক্ষতা অর্জনের জন্য সহজ একটি পদ্ধতি অবলম্বন করতে পারো। রেডিও ও টেলিভিশনের ইংরেজি চ্যানেল দেখার ও শোনার অভ্যাস করতে পারো। বর্তমানে ইউটিউবে ইংরেজি শেখার বিভিন্ন চ্যানেল রয়েছে। এ ছাড়াও ইংলিশ মুভি, টিভি সিরিজ এবং শিক্ষণীয় অনুষ্ঠানগুলো দেখা যেতে পারে। ইউটিউবেও আছে ইংরেজি শেখার বিভিন্ন চ্যানেল। সেগুলোর সহযোগিতাও নিতে পারো।

বলা

ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলার দক্ষতা অর্জনের জন্য বেশি বেশি অনুশীলনের বিকল্প নেই। প্রথমে নির্দিষ্ট বিষয় নির্বাচন করো। এরপর সে বিষয়ে ইংরেজিতে বলার চেষ্টা করো পাঁচ মিনিট। শুরুতে অস্বস্তি লাগবে। কিন্তু ধীরে ধীরে বলার অভ্যাস তৈরি হবে। এতে নিজের শব্দভা-ার এবং উচ্চারণের উন্নতি হবে। প্রথমে কতটুকু ভুল হচ্ছে সে বিচারে যাবে না। ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত হও। জড়তা কেটে যাওয়ার পরে চেষ্টা করবে নির্ভুলভাবে বলার।

লেখা

ইংরেজিতে লেখার দক্ষতা অর্জনের ক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই। ডায়েরি লেখা এক্ষেত্রে খুব কাজে দেবে। কোনো একটা বিষয় বাছাই করে পাঁচ মিনিট সেই বিষয়ের ওপর লেখার চেষ্টা করো। প্রতিদিন ইংরেজিতে ডায়েরি লিখে কাউকে দেখাও। এটি জড়তা কাটাতে সাহায্য করবে। কোনো বিষয়ে সংশোধনী দিলে সেটি গ্রহণ করো। ধীরে ধীরে উন্নতি হবে। নিয়মিত লেখার পাশাপাশি সঠিক বানানে লেখার চেষ্টা করবে।

লেখক : ফিচার রাইটার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত