কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার ডাঙ্গারচর এলাকায় সী হার্ট ফ্যাক্টরিতে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় ওই ফ্যাক্টরিতে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দ করা অবৈধ জালগুলো কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত