সাতক্ষীরায় শিশু ধর্ষণ

বিশেষ ট্রাইব্যুনালে প্রথম রায়ে ভ্যানচালকের যাবজ্জীবন

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাংলাদেশে শিশুদের ওপর হওয়া যৌন অপরাধের বিচার দ্রুততর করতে সরকার ‘বিশেষ শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল’ গঠন করার পর সাতক্ষীরা জেলায় এটিই প্রথম কোনো মামলার রায়।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ইব্রাহিম গাজী পেশায় একজন ভ্যানচালক এবং তিনি কলারোয়ার পারিখুপি গ্রামের বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়কে ন্যায়বিচারের ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।

তিনি বলেন, শিশুদের জন্য আলাদা বিশেষায়িত ট্রাইব্যুনাল হওয়ার পর সাতক্ষীরায় এটিই প্রথম রায়। অত্যন্ত দ্রুততম সময় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

মামলার এজাহার বরাতে পিপি আশরাফ জানান, ২০২৫ সালের ২৭ মার্চ বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ইব্রাহিমের বিরুদ্ধে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৯ জুলাই চার্জশিট দাখিল করে। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে অভিযোগ গঠন করা হয়। মাত্র ১৩ মাসের মধ্যে এই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়াকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত