ক্রমেই সরব রিচি

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ এএম

দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত নন্দিত অভিনেত্রী রিচি সোলায়মান। পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। মাঝখানে কাজ কমিয়ে দিয়ে স্বামী সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও মাঝেমধ্যেই দেশে এসে অভিনয় করতেন কাছের নির্মাতাদের অনুরোধে। তবে বর্তমানে দেশেই বসবাস করছেন রিচি। ২০২৪ সালের শেষের দিকে ঢাকার উত্তরায় এই অভিনেত্রী চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিনি নিজেই। তবে এর বাইরেও শখের অভিনয় থেকে দূরে নেই। এবার ঈদে নাট্য ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী তাকে নিয়ে নির্মাণ করেন বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী।

রঙ্গন মিউজিকের কর্ণধার মো. জামাল হোসেন প্রযোজিত এই টেলিফিল্মটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের ইউটিউব চ্যানেলে প্রচারে আসে গত ১৩ এপ্রিল। ইউটিউবে আসার পরেই দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছে টেলিফিল্মটি। বিশেষ করে রিচি সোলায়মানের অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। এতে শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিচি। টেলিছবিটিতে আরও দুটি গুরত্বপূর্ণ চরিত্রে ছিলেন ডলি জহুর ও দীপা খন্দকার। গল্পে দেখা যায়, পেশাগত কারণে তাকে ঢাকা ছেড়ে চট্টগ্রামে থাকতে হয়। সেলিমের মা ডলি জহুরকে দেখভালের দায়িত্ব বর্তায় দীপা খন্দকারের ওপর। কিন্তু ঢাকার বাইরে থেকে ঘরে প্রবেশ করেই দেখা হয় পুরনো প্রেমিকা দীপার সঙ্গে সেলিমের। সিসি ক্যামেরায় একসময় রিচি বুঝতে পারেন সেলিম ও দীপার প্রেমের সম্পর্ক ছিল।

নিজের স্বামীর অতীত জেনে রিচি ভেঙে পড়েন। স্বামীকে কিছু বুঝতে না দিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার এই অভিনয়টুকু রিচি এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষত, যেসব নারীর জীবনে এমন ঘটনা ঘটেছে তাদের কাছে রিচির চরিত্রটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। শুধু তাই নয়, একজন দীপা খন্দকারও তার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। যথারীতি ডলি জহুর এবং শহীদুজ্জামান সেলিমও। মূলত এই চারজন শিল্পীই যার যার ক্ষেত্রে অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত এবং দর্শকের কাছে সমাদৃত।

রিচি সোলায়মান বলেন, ‘চয়ন দিদির নির্দেশনায় এর আগেও আমি খুব সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। এই টেলিফিল্মের গল্পটা যদিও আমাদের খুব চেনাজানা, তারপরও দিদি তার নির্মাণ দিয়ে অনন্য করে তোলার চেষ্টা করেছেন। অনেক দিন পর আসলে ডলি আপা, সেলিম ভাই, দীপা আপা, আমি একসঙ্গে এক টেলিফিল্মে কাজ করে খুব ভালো লেগেছে। ইউটিউবে টেলিফিল্মটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করার আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই গল্পের নাটকগুলো দর্শক প্রবল আগ্রহ নিয়ে পিনপতন নীরবতায় উপভোগ করেন। কারণ আবেগপ্রবণ দৃশ্যগুলো দর্শক নীরবতা নিয়েই উপভোগ করতে ভালোবাসেন।’

রিচি জানান, আগামী ঈদের বেশ কয়েকটি কাজের প্রস্তাব আছে। এ ছাড়া প্রথমবারের মতো একটি সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করছেন রাজীব সালেহীন এবং সিনেমাটি প্রযোজনা করছে পিক্সরি মোশন পিকচার। তবে সিনেমার গল্প, বিষয়বস্তু ও চরিত্র নিয়ে আপাতত কিছুই বলতে চাচ্ছেন না তিনি। এ ছাড়া আরও কিছু কাজ রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে সবাইকে জানাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত