মুক্তির আগেই ‘কিং’ ঝড়

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

বলিউড বাদশার অনুরাগীরা মুখিয়ে বছর শেষের অপেক্ষায়। আবারও পর্দায় ঝড় তুলতে চলেছেন তাদের প্রিয় শাহরুখ খান। চলতি বছরের অন্যতম চর্চিত সিনেমা ‘কিং’। ভক্তরাও তার আসন্ন সিনেমা নিয়ে ভীষণই উত্তেজিত। ‘জাওয়ান’ সিনেমার বিপুল সাফল্যের পরে কিং খানকে ফের পর্দায় দেখা যাবে একেবারে অ্যাকশন-প্যাকড অবতারে। ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবিটি ২০২৬ সালের ক্রিসমাসের সপ্তাহান্তে মুক্তি পাওয়ার কথা। তবে তার আগেই শুরু একের পর এক চমক। ‘কিং’ ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।

পাঁচ মাস আগে প্রথম ঝলকের ভিডিওটি ইউটিউবে প্রায় ৪৪ মিলিয়ন ভিউ হয়েছিল এবং দু’মাস আগে মুক্তির তারিখ ঘোষণা করা টিজার ভিডিওটির ৩০ মিলিয়ন ভিউ। এবার আরও বড় চমক। মুক্তির আগেই ছবিটি প্রায় ২৫০ কোটি টাকা আয় করেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর ‘কিং’-এর সিনেমা হলের রাইটস ২৫০ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। ছবিটি শাহরুখ খানের জীবনের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমায় অভিনেতা তার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করেছেন।

সুহানা খান ২০২৩ সালে জয়া আখতারের ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। ‘কিং’ই হবে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা। পেন মারুধার ‘কিং’ সিনেমার সর্বভারতীয় প্রেক্ষাগৃহ পরিবেশনার রাইটস কিনে নিয়েছে বলে খবর। ছবির প্রযোজক, শাহরুখ খান ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই চুক্তিটি হয়েছে। যা প্রায় ২৫০ কোটি টাকা। ছবিটি চলতি বছরের অন্যতম বড় চুক্তি বলা চলে। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ছবিটি। বড়দিনের সপ্তাহান্তে বক্স অফিস কাঁপাবে বলে আশাবাদী সবাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত