গাজায় সহিংসতা আবারও উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটি জানায়, গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবারই এক সপ্তাহে সহিংসতার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
অ্যান্টোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সপ্তাহে গাজায় গুলি, গোলাবর্ষণ ও বিভিন্ন হামলার ঘটনা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। যুদ্ধবিরতির পর এটি সর্বোচ্চ সাপ্তাহিক সহিংসতার রেকর্ড বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি পর্যালোচনা করছে। বর্তমানে গাজা উপত্যকার প্রায় অর্ধেক এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, আর বাকি অংশে পুনরায় নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে হামাস।
হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার আগে ইসরায়েলকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে এবং মানবিক সহায়তা প্রবেশ বাড়াতে হবে। পাশাপাশি, সংগঠনটি তাদের নিরস্ত্রীকরণের শর্তগুলো এখনো প্রত্যাখ্যান করে আসছে।
অন্যদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৭৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
