প্রথম ওয়ানডেতে ২০৫ রান তাড়া করে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচেই দেখা দিল চরম ব্যাটিং ব্যর্থতা। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে সিরিজে ফিরতে লঙ্কানদের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৬৬ রান।
বুধবার রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। মাত্র ৪ রানেই দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২) ও শারমিন আক্তার সুপ্তাকে (০) হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে শারমিন সুলতানা (২৫) অধিনায়ক জ্যোতির সঙ্গে ইনিংস মেরামতের চেষ্টা করলেও সেই জুটিও বেশিক্ষণ টেকেনি।
দলের পক্ষে একাই লড়াই করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১০১ বলে ৫৮ রান করেন তিনি, যার মধ্যে ছিল ৪টি চারের মার। মূলত জ্যোতির এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ দেড়শ পার করতে সক্ষম হয়। এছাড়া রিতু মনি ১৭, নাহিদা আক্তার ২০ এবং শেষ দিকে রাবেয়া খান ১৫ রান করেন। তবে মিডল অর্ডারে শোভনা মোস্তারি (৫) ও স্বর্ণা আক্তাররা (১৬) হাল ধরতে ব্যর্থ হলে বড় সংগ্রহের স্বপ্ন ভেস্তে যায়।
৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৪৫.৫ ওভারে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক দল। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। এছাড়া মালকি মাদারা, নিমশা মেপেজ এবং ইনোকা রানাবীরা প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে চেপে ধরেন।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বেলিংহাম কিনলেন ক্রিকেট ফ্যাঞ্চাইজির মালিকানা