আমতলীতে বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

বরগুনার আমতলীতে একটি দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাসটির সুপারভাইজার। তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি আমতলী মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) আমতলী পৌর শহরের বটতলা ঢাকা বাসস্ট্যান্ডে মিজান পরিবহনের কাউন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারভাইজার মো. মনির গাজী এ অভিযোগ করেন। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বাপ্পি প্যাদা ও সিয়াম প্যাদাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লিখিত বক্তব্যে মনির গাজী বলেন, তার বাড়ি আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা-তালতলী সড়কে মিজান পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত। গত শনিবার তালতলী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছালে একদল দস্যু একটি পিকআপ দিয়ে বাসের পথরোধ করে।

তিনি জানান, ডাকাতরা বাসে উঠতে চাইলে তিনি বাধা দেন। একপর্যায়ে তারা বাসের কাচ ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটের চেষ্টা চালায়। বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং বাসে ভাঙচুর চালানো হয়।

যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে বাসের চালক ও হেল্পার তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠান। চারদিন চিকিৎসা শেষে বুধবার তিনি আমতলীতে ফিরে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত