মক্কা ও মদিনায় হজযাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি জোরদার করেছে সৌদি আরব। সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে হজযাত্রীদের স্বাগত জানিয়ে ক্রাউন প্রিন্স বলেন, দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবে সৌদি আরব সবসময় হজ ও ওমরাহ পালনকারীদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে তিনি অপারেশনাল, নিরাপত্তা ও প্রতিরোধমূলক পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। একই সঙ্গে হজের পবিত্র স্থানগুলোসহ আকাশ, স্থল ও সমুদ্রপথের প্রবেশ পয়েন্টগুলোতে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
অন্যদিকে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ মিনা এলাকায় ক্যাম্পগুলোর প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন। তিনি জানান, আগেভাগেই সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রস্তুতি শুরু হয়েছে, যাতে সেবার মান বৃদ্ধি ও কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, হজযাত্রীদের চলাচল পর্যবেক্ষণ এবং প্রবেশ ও বের হওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণে নতুন ইলেকট্রনিক ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যাতে সময়সূচি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজে জানা যায়।
সংশ্লিষ্টরা জানান, এসব পদক্ষেপ হজযাত্রীদের ভিড় ব্যবস্থাপনা সহজ করবে এবং নিরাপত্তা আরও জোরদার করবে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য অর্জনেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিকাশের মাধ্যমে ৬০ লাখের বেশি গ্রাহক ডিপিএস খুলেছেন!
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি