গোলাপের পাপড়িতে হজযাত্রীদের বরণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইন্দোনেশিয়ার একদল হজযাত্রী পেয়েছেন হৃদয়স্পর্শী সংবর্ধনা। মক্কা রুট ইনিশিয়াটিভের আওতায় আগত এই হজযাত্রীদের ফুল ও গোলাপের পাপড়িতে বরণ করা হয়। 

সৌদি কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী আয়োজন তাদের সফরে এনে দেয় প্রশান্তি, স্বস্তি ও স্মরণীয় অভিজ্ঞতার আবেশ।

হজযাত্রীরা ফুল পেয়ে আনন্দিত। ছবি: এসপিএ

বেশ কিছু ভিডিওতে দেখা যায়, হজযাত্রীরা যখন বিমানবন্দরের টার্মিনাল দিয়ে এগোচ্ছেন, তখন সৌদি কর্মকর্তারা অত্যন্ত বিনয়ের সাথে তাদের হাতে লাল গোলাপের তোড়া তুলে দিচ্ছেন। বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ হজযাত্রীদের মুখে এ সময় আনন্দের ঝিলিক দেখা যায়।

গোলাপের পাপড়ি ছিটিয়ে হজযাত্রীদের বরণ করে নেওয়া হচ্ছে। ছবি: এসপিএ

অন্য একটি দৃশ্যে দেখা যায়, হজযাত্রীদের চলার পথে গোলাপের পাপড়ি ছিটিয়ে এক ধরনের পুষ্পবৃষ্টির সৃষ্টি করা হয়েছে। হজযাত্রীরা এই উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হন।

এক হজযাত্রীকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সৌদির কর্মকর্তারা। ছবি: এসপিএ

মূলত হজযাত্রীদের মনে প্রশান্তি ফিরিয়ে আনা এবং তাদের দীর্ঘ সফরের ক্লান্তি দূর করতেই এই ব্যতিক্রমী আয়োজন।

২০১৭ সালে চালু হওয়া ‘মক্কা রুট ইনিয়িাটিভ’ প্রকল্পের মাধ্যমে হজযাত্রীরা তাদের নিজ দেশেই ডিজিটাল পদ্ধতিতে ইমিগ্রেশন, বায়োমেট্রিক তথ্য প্রদান এবং হজের ভিসার কাজ সম্পন্ন করে ফেলেন।

হজযাত্রীদের চকলেট দিচ্ছেন মক্কা রুট ইনিশিয়াটিভের কর্মীরা। ছবি: এসপিএ

এছাড়া মালপত্রের গায়ে বিশেষ কোড লাগানো থাকে, যাতে সেগুলো সরাসরি সৌদি আরবে তাদের আবাসস্থলে পৌঁছে যায়। এর ফলে বিমানবন্দর থেকে নেমে হজযাত্রীদের আর কোনো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না, তারা সরাসরি বাসে করে মক্কা বা মদিনার হোটেলের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১২ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন হজযাত্রী এই উচ্চমানসম্পন্ন সেবা গ্রহণ করেছেন।

আধুনিক প্রযুক্তি এবং সৌদি আরবের ঐতিহ্যবাহী মেহমানদারির মেলবন্ধনে হজযাত্রীদের এই সফরকে স্মরণীয় করে তোলাই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত