ফুটবল মাঠে গোলের পর সাধারণত উল্লাস আর উদযাপনের দৃশ্যই দেখা যায়। কিন্তু বুন্দেসলিগায় গত শনিবার দেখা গেল এক ভিন্ন চিত্র। সেন্ট পাউলির বিপক্ষে গোল করার পর হাইডেনহেইমের ফরোয়ার্ড এরেন ডিঙ্কচি আনন্দের বদলে কান্নায় ভেঙে পড়লেন। সেই কান্নার পেছনে লুকিয়ে ছিল এক হৃদয়স্পর্শী গল্প।
২৪ বছর বয়সী ডিঙ্কচির প্রেমিকা সিনজা লিউকেমিয়ায় (রক্তের ক্যানসার) আক্রান্ত। জয়সূচক গোলটি করার পর অশ্রুসিক্ত ডিঙ্কচি বলেন, "এই গোলটি নিশ্চিতভাবেই ওর জন্য। আমি আশা করি এটি তাকে খুশি করেছে এবং কিছুটা শক্তি জুগিয়েছে।"
চলতি মাসের শুরুর দিকে ডিঙ্কচি এবং তার ক্লাব ফ্রেইবার্গ (যেখান থেকে তিনি ধারে খেলছেন) প্রকাশ করে, সিনজার চিকিৎসার জন্য স্টেম সেল বা অস্থিমজ্জা দানের প্রয়োজন হতে পারে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জার্মানিজুড়ে এক বিশাল জনমত গড়ে ওঠে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'ডিকেএমএস' -এর সহায়তায় হাইডেনহেইম একটি বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে। গত সপ্তাহে ফ্রেইবার্গের বিপক্ষে ম্যাচের সময় প্রায় ৬৮৮ জন মানুষ স্টেম সেল দাতা হিসেবে নিবন্ধন করেছেন। গত শনিবারের ম্যাচেও এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
হাইডেনহেইমের কোচ ফ্রাঙ্ক স্মিডট ম্যাচ শেষে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, "এটি এমন একটি গল্প যা জার্মানি এবং সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে। আমরা মাঠের ফুটবলার বা কোচ হওয়ার আগে মূলত মানুষ। ডিঙ্কচি তার পরিচিতিকে ব্যবহার করে কেবল নিজের পরিবার বা প্রেমিকাকেই নয়, বরং আরও অনেক রোগীকে সাহায্য করার চেষ্টা করছে।"
ম্যাচে সেন্ট পাউলির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় হাইডেনহেইম। যদিও দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে, তবে এই জয়টি তাদের অবনমন এড়ানোর লড়াইয়ে নতুন করে প্রাণ জুগিয়েছে।

ইতিহাস গড়ল মেয়েরা: প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশ