এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদে ৩১তম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ নুরুল ইসলাম ও রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) অধ্যাপক ড. মো. জিয়াউল আহসান। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. এস এম ফরিদুল ইসলাম। এ সময় অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কেক কেটে শুভেচ্ছা জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপাচার্য তাঁর বক্তব্যে নবীনদের দক্ষ, সৎ ও যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ দেন। বলেন, তোমাদের প্রচেষ্টাই একদিন জাতির অগ্রগতিকে ত্বরান্বিত করবে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের সফল উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি হবে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. এস এম ফরিদুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
