বিশ্বকাপ স্টিকার অ্যালবামে মেসি-এমবাপ্পে-ইয়ামাল আছেন, নেই নেইমার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৪৪ দিন। মাঠের লড়াই শুরুর আগেই সোমবার বিশ্বজুড়ে উন্মোচন করা হয়েছে বিশ্বকাপের অফিশিয়াল ‘পানিনি’ স্টিকার অ্যালবাম। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপের অ্যালবামটিও হয়েছে রেকর্ড আকারের। তবে এই উৎসবের আমেজ ফিকে হয়ে গেছে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য; কারণ অ্যালবামের পাতায় নেই ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র।

পানিনি অ্যালবামের নতুন রেকর্ড

এবারের বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নেওয়ায় পানিনি অ্যালবামটি ১০২ পৃষ্ঠার এক বিশাল সংকলনে পরিণত হয়েছে। যেখানে ৯৮০টি স্টিকার বা ‘ফিগারিতা’ সংগ্রহের সুযোগ পাবেন ভক্তরা। অ্যালবামটির প্রতিটি কপি ১৫,০০০ পেসো এবং স্টিকারের প্রতিটি প্যাকেট ২,০০০ পেসো মূল্যে বাজারে ছাড়া হয়েছে। সংগ্রাহকদের মতে, এটি ইতিহাসের সবথেকে ব্যয়বহুল ও বড় অ্যালবাম হতে যাচ্ছে।

অ্যালবামে নেই নেইমার: একটি যুগের অবসান?

২০১০ সাল থেকে পরবর্তী এক দশক যেকোনো বিশ্বকাপের অ্যালবামে ব্রাজিলের প্রধান মুখ ছিলেন নেইমার। কিন্তু ২০২৬ সালের আসরে ব্রাজিলের জন্য বরাদ্দ ১৮টি স্লটের একটিতেও নেইমারের জায়গা হয়নি। মূলত ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এবং জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়ায় পানিনির ‘প্রবাবিলিটি মডেলে’ জায়গা পাননি তিনি। নেইমারের জায়গায় অ্যালবামে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং তরুণ বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ানের মতো তারকারা।

পানিনি অ্যালবাম

আর্জেন্টিনার পাতায় চমক: মেসির শেষ, নেই লিসান্দ্রো

আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি এক আবেগের মুহূর্ত, কারণ অ্যালবামে পঞ্চমবারের মতো জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে এটিই তার শেষ বিশ্বকাপ স্টিকার হতে যাচ্ছে। আর্জেন্টিনার ২০ জনের তালিকায় রক্ষণের অতন্দ্র প্রহরী লিসান্দ্রো মার্তিনেস ও এনজো ফার্নান্দেজের মতো অনেকের জায়গা হলেও বাদ পড়েছেন কাতার বিশ্বকাপের নায়ক গনজালো মন্তিয়েল ও মার্কোস আকুনিয়া।

স্কোয়াডে কি ফিরবেন নেইমার?

অ্যালবামে নাম না থাকলেও নেইমারের বিশ্বকাপের আশা একদম শেষ হয়ে যায়নি। আগামী ১৮ মে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। আনচেলত্তির সেই তালিকায় নেইমারের নাম থাকবে কি না, তা নিয়ে এখন পুরো বিশ্ব ফুটবল মহলে চলছে জল্পনা-কল্পনা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত