সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল টাইগারদের। কিন্তু বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হয়নি। মাঠ ও আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলা শুরুর সম্ভাব্য সময় এবং ওভার কাটার বিষয়ে নতুন তথ্য জানিয়েছে ম্যাচ অফিসিয়ালরা।
ম্যাচ পরিচালনার নিয়ম অনুযায়ী, যদি বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়, তবে কোনো ওভার না কেটেই পূর্ণাঙ্গ ২০ ওভারের ম্যাচ আয়োজন করা যাবে। তবে এই সময়ের পর খেলা শুরু হলে প্রতি ৪ মিনিটের জন্য ১ ওভার করে কাটা শুরু হবে।
ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বিকেল ৪টা ৫০ মিনিটে। যদি এই সময়ের মধ্যে বৃষ্টির তেজ কমে এবং মাঠ খেলার উপযোগী হয়, তবে অন্তত ৫ ওভারের একটি সংক্ষিপ্ত ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। সেক্ষেত্রে খেলা শুরু হতে পারে বিকেল ৫টা ১৬ মিনিটে।
টসের সময় পার হওয়ার পর বৃষ্টির গতিবেগ আরও বেড়েছে। মাঠে থাকা দর্শকরা এতক্ষণ গ্যালারিতে ছবি তুললেও এখন তীব্র বৃষ্টির কারণে ছাদের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
দুই দলের ক্রিকেটাররাও এখনও ড্রেসিংরুমের ভেতরেই অবস্থান করছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার যে স্বপ্ন বাংলাদেশ দেখছিল, প্রকৃতির বৈরিতায় আপাতত তা থমকে আছে।
