১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের অন্য সব বিভাগীয় শহরেও সমাবেশ করবে জোটটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দিলেও সরকার জনগণের সেই রায়কে উপেক্ষা করছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।

১১ দলের বিভাগীয় সমাবেশের সূচি বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ; ১৩ জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ; ২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ; ২৭ জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ; ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশ; ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে কেবল একটি সমাবেশ রাখা হয়েছে। ঈদের ছুটির পর জুন মাস থেকে পুনরায় পুরোদমে আন্দোলন ও সমাবেশ শুরু হবে। বিভাগীয় এই সমাবেশগুলোতে সংশ্লিষ্ট বিভাগের সব জেলা ও মহানগরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত