কক্সবাজার জেলার রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘুমের ঘোরে হাতির দল তাদের বসতঘরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আবদুল করিমের কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার তিন বছরের মেয়ে মোহছেনা বেগম।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল বলেন, বন্য হাতির একটি দল ভোরে আবদুল করিমের কলোনিতে হানা দেয়। এ সময় হাতির দলটির আক্রমণে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
