হরমুজ ঘিরে 'নতুন নিয়ম' কার্যকরের ঘোষণা ইরানের

আপডেট : ০২ মে ২০২৬, ০৩:৩২ পিএম

পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালির উপকূলজুড়ে 'নতুন নিয়ম' কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু। 

শুক্রবার সন্ধ্যায় প্রেস টিভির খবরে বলা হয়, আইআরজিসির নৌ শাখা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এ পদক্ষেপ দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি বলেছে, এই জলসীমাকে ইরানের জনগণের জীবিকার উৎস এবং শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হয়ে উঠবে বলেও জানানো হয়।

তবে ঘোষিত 'নতুন নিয়ম' কী ধরনের হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই গুরুত্বপূর্ণ জলপথে বিধিনিষেধ আরোপ করে তেহরান। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত