দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আপডেট : ০৩ মে ২০২৬, ০৩:০৮ পিএম

দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (১ মে) এসব হামলায় আরও অন্তত ৩২ জন আহত হন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ জেলার হাব্বুশ শহরে ইসরায়েলি বাহিনীর সরিয়ে নেওয়ার নির্দেশনার পর হামলায় দুই নারী ও এক শিশুসহ আটজন নিহত হন। সাইদা জেলার জরারিয়েহ এলাকায় আরও চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারী রয়েছেন। এছাড়া টাইর জেলার আইন বালে একজন নিহত হন।

তিন সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হলেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ থামেনি। শনিবার ইরান-সমর্থিত হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের এক সেনা নিহত হয়েছে। মার্চের শুরু থেকে এ পর্যন্ত লেবানন সীমান্তে ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এদিকে শনিবার লেবাননের সেনাপ্রধান জেনারেল রুডলফ হাইকেল বৈরুত বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জেনারেল জোসেফ ক্লিয়ারফিল্ডের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনীকে সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। গত ১৬ এপ্রিল ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা শেষে প্রথমে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরে ২৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা, বিমান অভিযান এবং সরিয়ে নেওয়ার নির্দেশনা অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত