জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং ‘দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় তাঁরা ‘দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকসহ একটি স্বার্থান্বেষী মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা বর্তমান সরকারের সংস্কার ও দেশের অগ্রগতিমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাছির উদ্দিন বলেন, আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা বেঁচে থাকতে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের গণহত্যাকারীদের বাংলাদেশে আর কখনো ফিরে আসতে দেব না।
ছাত্রদল নেতা নাছির আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন সংকট ও সংঘাতের সুযোগ নিয়ে একটি চক্রান্তকারী মহল দেশের স্বাভাবিক অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। তবে যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে ছাত্রদল সর্বদা রাজপথে প্রস্তুত থাকবে।
গোপন তৎপরতায় লিপ্ত ঢাবির কতিপয় শিক্ষকের বিষয় খতিয়ে দেখতে কমিটি গঠন