চড় মারার জন্য রবিনহোর কাছে ক্ষমা চাইলেন নেইমার

আপডেট : ০৬ মে ২০২৬, ১১:৫৬ এএম

গত কয়েকদিন ধরে ব্রাজিলিয়ান ফুটবলে তোলপাড় করা 'নেইমার বনাম রবিনহো জুনিয়র' দ্বন্দ্বের অবসান ঘটল শেষ পর্যন্ত। অনুশীলনে তরুণ সতীর্থকে চড় মারার কথা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নেইমার। অন্যদিকে, প্রিয় আইডলের ক্ষমা প্রার্থনা কবুল করে মামলার অভিযোগ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র।

যা ঘটেছিল সেই ‘উত্তপ্ত’ অনুশীলনে

গত রবিবার সান্তোসের ট্রেনিং গ্রাউন্ড ‘সিটি রেই পেলে’-তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। অনুশীলনের সময় রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে পরাস্ত করলে মেজাজ হারান পিএসজি ও বার্সার সাবেক এই তারকা। প্রত্যক্ষদর্শীদের মতে, নেইমার প্রথমে রবিনহোকে ল্যাং মারেন এবং পরে তার মুখে চড় মারেন। এই ঘটনার পর রবিনহোর পরিবার ও আইনজীবীরা সান্তোস ক্লাবে একটি আইনি নোটিশ পাঠান, যেখানে নেইমারের বিরুদ্ধে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগ আনা হয়।

নেইমারের স্বীকারোক্তি ও ক্ষমা

মঙ্গলবার প্যারাগুয়ের মাঠে দেপোর্তিভো রিকোলেটার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর মিক্সড জোনে নেইমার বলেন, 'ফুটবলে এমন আবেগপ্রবণ মুহূর্ত আসতেই পারে। আমি স্বীকার করছি, আমার প্রতিক্রিয়াটি মাত্রাতিরিক্ত ছিল এবং আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আমরা ড্রেসিংরুমে কথা বলেছি এবং আমি ব্যক্তিগতভাবে ও পুরো দলের সামনেও ক্ষমা চেয়েছি। যদি সংবাদমাধ্যম এবং আপনারা একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দেখতে চান, তবে আমি এখানেও তা করছি।'
 

রবিনহো জুনিয়র সম্পর্কে নেইমার আরও বলেন, 'ও এমন এক ছেলে যাকে আমি খুব পছন্দ করি। ওর জন্য আমার মনে বিশেষ জায়গা আছে। আমি চাইনি বিষয়টি বাইরে আসুক, কিন্তু এখন যেহেতু সবাই জেনে গেছে, আমি আবারও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করছি।'

আইডলকে ক্ষমা করলেন রবিনহো

নেইমারের পরপরই সংবাদমাধ্যমের সামনে আসেন রবিনহো জুনিয়র। মুখে চড় খাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, 'আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ ও (নেইমার) আমার শৈশবের আদর্শ। আট বছর বয়সে ও আমাকে একটি জার্সি উপহার দিয়েছিল, যা দেখে আমি কেঁদে ফেলেছিলাম। তবে ও নিজের ভুল স্বীকার করেছে এবং বড় মনের পরিচয় দিয়েছে। আমি ওর ক্ষমা গ্রহণ করছি।'

রবিনহো আরও নিশ্চিত করেছেন যে, তিনি এবং তার পরিবার ক্লাবে জমা দেওয়া অভিযোগটি আনুষ্ঠানিকভাবে তুলে নেবেন। তিনি জানান, রাগের মাথায় এবং আইনজীবীদের পরামর্শে তিনি সেই নোটিশ পাঠিয়েছিলেন।

মাঠে দেখা গেল বন্ধুত্বের দৃশ্য

সব বিতর্কের ইতি টেনে কালকের ম্যাচে নেইমার গোল করার পর রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরেন। নেইমারের গোলেই এগিয়ে গিয়েছিল সান্তোস, তবে শেষ মুহূর্তে রক্ষণভাগের ভুলে জয়বঞ্চিত হতে হয় তাদের। এই ড্রয়ের ফলে সুদামেরিকানার গ্রুপ ডি-তে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে নেইমারের দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত