ফুটবল বিশ্বকাপের টিকিট আর যাতায়াত খরচ মেলাতে যখন হিমশিম খাচ্ছেন সারা বিশ্বের সমর্থকরা, ঠিক তখনই ফুটবল প্রেমীদের জন্য অবিশ্বাস্য এক সুযোগ নিয়ে এলো যুক্তরাষ্ট্রের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'ফক্স ওয়ান'। প্রিয় দলের খেলা দেখার জন্য এবার আর গাঁটের পয়সা খরচ করতে হবে না, বরং সব ম্যাচ দেখার বিনিময়ে উল্টো বেতন হিসেবে পাওয়া যাবে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখ টাকারও বেশি!
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আসর। ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। এই বিশাল কর্মযজ্ঞের প্রচারণায় ফক্স স্পোর্টস এবং চাকরি বিষয়ক ওয়েবসাইট 'ইনডিড' যৌথভাবে নিয়োগ দিচ্ছে 'চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার' বা 'বিশ্বকাপের প্রধান দর্শক' পদে।
কী করতে হবে এই চাকরিতে?
নির্বাচিত ফুটবল ভক্তের কর্মস্থল হবে নিউইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়ার। সেখানে বিশেষভাবে তৈরি একটি 'গ্লাস কিউব' বা কাঁচঘেরা ঘরে বসে তাকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে। তবে কেবল খেলা দেখাই তার একমাত্র কাজ নয়; খেলা দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি ও শেয়ার করতে হবে তাকে। টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজার হাজার পর্যটকের জন্য প্রতিটি ম্যাচকে একটি সরাসরি উৎসব বা 'লাইভ ওয়াচ পার্টি'তে রূপান্তর করাই হবে এই পদের মূল লক্ষ্য।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া
ফক্স স্পোর্টস ও ইনডিড এক যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি হতে যাচ্ছে চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের সবচেয়ে আকর্ষণীয় চাকরি। একজন সত্যিকারের 'পাগলাটে' ফুটবল ভক্তকেই এই সুযোগের জন্য বেছে নেওয়া হবে। আগ্রহীরা 'ইনডিড' ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আগামী ৬ জুন ফক্স চ্যানেলে সম্প্রচারিত বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যকার বেসবল ম্যাচ চলাকালীন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর পরপরই ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের পুরো সময়জুড়ে দায়িত্ব পালন করবেন সেই ভাগ্যবান ফুটবল প্রেমী।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরের এমন সৃজনশীল প্রচারণার কারণেও ফুটবল বিশ্বের নজর কাড়ছে। যেখানে একদিকে আকাশচুম্বী খরচ নিয়ে দুশ্চিন্তা রয়েছে, সেখানে এমন অভিনব কর্মসংস্থান সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
স্বপ্না-মুনকিকে ছাড়া সাফের হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ