সাভারে কলেজছাত্রকে পিটিয়ে আহত, ১১টি ‘সেলফী’ বাস আটক

আপডেট : ০৬ মে ২০২৬, ১১:২৪ পিএম

ঢাকার ধামরাইয়ে ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ১১টি ‘সেলফী’ বাস আটক করেছেন সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) বিকেলে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে এসব বাস আটকে রাখেন। এ ঘটনায় ইমন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি সাভার সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে এবং সাভার সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্র ধামরাই কলেজে নির্ধারিত। বুধবার দুপুরে ইমনসহ কয়েকজন শিক্ষার্থী সেলফী বাসে করে সাভার থেকে ধামরাই যাচ্ছিলেন। এ সময় বাস ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে তাদের তর্ক হয়। একপর্যায়ে কন্ট্রাক্টর ইমনসহ আরও ৩-৪ জন শিক্ষার্থীকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

পরে অন্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা বলেন, ভাড়া নিয়ে তর্কের জেরে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ১১টি সেলফী বাস আটক করেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত