রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী সাইক্লিং টুর্নামেন্ট। যেখানে দেশের সেরা সাইক্লিস্টদের সামনে রয়েছে নতুন জাতীয় রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ। দুই চাকার গতির এ প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন জেলা ও সংস্থার প্রতিনিধিত্বকারী প্রতিভাবান সাইক্লিস্টরা। গত কয়েক মাস ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছেন তারা। বিশেষ করে তরুণ সাইক্লিস্টদের মধ্যে নতুন রেকর্ড গড়ার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা এ প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। এ টুর্নামেন্টে ট্র্যাক সাইক্লিংয়ের বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত থাকছে। যেমন স্প্রিন্ট, টাইম ট্রায়াল ও প্যারাস্যুট। ২৩টি ইভেন্টে ২২ দলের ২২৪ পুরুষ ও নারী সাইক্লিস্ট লড়বেন এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে। প্রতিটি ইভেন্টেই জাতীয় রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আয়োজকরা। কোচ ও কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে সাইক্লিস্টদের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা নতুন মাইলফলক স্থাপনের ইঙ্গিত দিচ্ছে।
