আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটার তালিকায় সংসদের ২৯৯টি সাধারণ আসনের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্য রয়েছেন। আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সদস্যের নাম তালিকায় রাখা হয়নি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে। তবে একাধিক প্রার্থী না থাকলে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
ভোটার তালিকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম থাকা নিয়েও আলোচনা রয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হলেও এখনো তিনি সংসদ সদস্য পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দলটির করা অভিযোগের বিষয়ে স্পিকারের কাছে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আইন অনুযায়ী, বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তিরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।
এর আগে ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
