রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:২৩ পিএম

রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর মৎস আড়তের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, তার বাবা আব্দুল্লাহপুর মৎস আড়তে পানি সরবারহ করেন। থাকেন আড়তের পাশেই। ছেলে জিহাদ থাকেন অন্য জায়গায়। আর তার পরিবার গ্রামের বাড়ি বগুড়ার শীবগঞ্জ থাকে। সকালে তিনি ফোনের  মাধ্যমে খবর পান তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পরবর্তীতে তারা জানতে পেরেছেন, সকালে তার বাবা আড়তে যাওয়ার পর রাস্তা পার হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। তখন একটি বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়েন। তবে কেউ কেউ বলেন, দুটি বাসের মাঝে চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত