‘শান্তি নয়, কে আগে হার মানবে সেই প্রতিযোগিতায় নেমেছে ওয়াশিংটন ও তেহরান’

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:৪৫ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কোনোভাবেই সাধারণ ‘শান্তি আলোচনা’ বলতে রাজি নন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ‘অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিস’-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মার্ক ফাইফেল এই পরিস্থিতিকে ‘চাপের লড়াই’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, ওয়াশিংটন ও তেহরান একে অপরের ওপর প্রবল চাপ প্রয়োগ করছে শুধু এটি দেখার জন্য যে, শেষ পর্যন্ত কোন পক্ষ আগে নতি স্বীকার করে।

ফাইফেল বলেন, ‘এগুলো কোনো শান্তি আলোচনা নয়, এগুলো হলো চাপের মুখে ফেলার আলোচনা।’

তিনি বিশ্লেষণ করে জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ-বাহিনীর শক্তি প্রদর্শন এবং অবরোধের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, ইরান পাল্টা কৌশল হিসেবে হরমুজ প্রণালীর ভেতরে নিজেদের অবস্থান সংহত করে চাপ দিচ্ছে। এর ফলে পুরো অঞ্চলে অনিশ্চয়তা, আতঙ্ক এবং অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ফাইফেলের মতে, এটি মূলত একটি প্রতিযোগিতা যে, কে নিয়ন্ত্রণ না হারিয়ে কত দীর্ঘ সময় এই চাপ সহ্য করে টিকে থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফাইফেল একে ‘অপেক্ষা করো এবং দেখো’ নীতি হিসেবে বর্ণনা করেছেন। যেহেতু অনেক সামরিক বিকল্প বর্তমানে আলোচনার বাইরে, তাই মার্কিন নেতা চেষ্টা করছেন ইরান সরকারকে দীর্ঘ সময় অপেক্ষায় রেখে ক্লান্ত করে দিতে।

এদিকে, বিশ্লেষক ফাইফেল ইরানের অভ্যন্তরীণ ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির দিকেও আলোকপাত করেছেন। তিনি জানান, ইরানের কূটনৈতিক তৎপরতার চেয়ে দেশটির মুদ্রা ‘রিয়াল’-এর মান দ্রুত গতিতে ধসে পড়ছে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান প্রায় ১৮ লাখ ৪০ হাজারে গিয়ে ঠেকেছে।

দেশটির সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, রুটি ও ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের দাম ২০০ শতাংশ ছাড়িয়ে গেছে। বর্তমানে ইরানে সামগ্রিক মুদ্রাস্ফীতির হার প্রায় ৫০ শতাংশ।

তবে ট্রাম্পের এই অনড় অবস্থানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফাঁস হওয়া গোয়েন্দা মূল্যায়ন। ওই প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ইরান এই পর্যায়ের চরম চাপ আরও বেশ কয়েক মাস সহ্য করার সক্ষমতা রাখে। এই গোয়েন্দা তথ্যের কারণে ট্রাম্পের অবস্থান কিছুটা জটিল হয়ে পড়েছে। মার্ক ফাইফেলের মতে, বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে, তা এখনো রহস্যাবৃত।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত