ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরিন মোনামী

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:০৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরিন আমিন মোনামী। প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের একদিন পরই তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান মোনামী। তিনি লেখেন, 'আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।'

পোস্টে তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টরের অনুরোধে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব পাওয়াকে তিনি নিজের জন্য 'গর্ব ও সৌভাগ্যের বিষয়' হিসেবে উল্লেখ করেন।

মোনামী আরও লেখেন, গত দুই বছরে প্রক্টর সাইফুদ্দীন আহমেদের নেতৃত্বে কাজ করে তিনি অনেক কিছু শিখেছেন এবং শিক্ষার্থীদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় টিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

নিজের দায়িত্বকাল সম্পর্কে তিনি বলেন, সফলতা-ব্যর্থতার হিসাব না করলেও এটি ছিল তার জীবনের 'অসাধারণ একটি অভিজ্ঞতা'। বিশেষ করে সাম্প্রতিক সময়ের জটিল পরিস্থিতি মোকাবিলাকে তিনি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা সফলভাবে পালন করবেন বলে আশা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত