যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে কূটনৈতিক তৎপরতা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের একে অপরকে পাল্টাপাল্টি হুমকি এবং ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
মঙ্গলবার (১২ মে) এশীয় অঞ্চলের লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম বাড়তে দেখা যায়। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ১০৪.৫১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলে ৩১ সেন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে ৯৮.৩৮ ডলারে পৌঁছেছে।
এর আগে, সোমবারও তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। ওই দিন লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় ২.৮ শতাংশ বৃদ্ধি পায়। বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যকার সংঘাতের ফলে জ্বালানি রপ্তানি ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় তেলের বাজারে এই অস্থিরতা বিরাজ করছে।
উল্লেখ্য, সম্প্রতি ইরান একটি শান্তি প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা উপহাস করে উড়িয়ে দিয়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার আশঙ্কায় তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সূত্র: আল-জাজিরা
