চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, আমি প্রতিষ্ঠিত হবো, আমি এতিম এবং পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয়। চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ ছিল, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
লিখনের বড় ভাই আপন জানান, আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের কারও সঙ্গে কোনো রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর কোনো বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক।
তিনি আরও বলেন, আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সোমবার বিকেলে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।
পরিবারের সদস্যরা জানান, লিখনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি লিখন মজুমদার পবনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত মতলব উত্তর থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত