কমপ্লিট শাটডাউন

পবিপ্রবিতে শিক্ষক হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:৫১ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে চতুর্থ দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে, একই সঙ্গে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপাচার্যের নির্দেশে বহিরাগতদের মাধ্যমে শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে। তারা উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগ ও হামলাকারীদের শাস্তির দাবি জানান।

এর আগে বুধবার (১৩ মে)  দুপুরে আন্দোলনের সমর্থনে ক্যাম্পাস শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের অফিস ও বাসভবনসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। এতে ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান বলেন, বহিরাগতের হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চলমান অস্থিরতার বিষয়ে ভিসি মহোদয় এ বিষয়টি ভালো বলতে পারবেন। তিনি জেলা বিএনপি, স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করে সুরাহার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. রফিকুল ইসলাম জানান, নিয়োগ-পদায়নসহ বিভিন্ন বিষয়ে অনৈতিক সুবিধা না পাওয়ার ক্ষোভ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

তিনি হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত