আনোয়ারায় তিন ট্রাক সামুদ্রিক মাছ আটক

আপডেট : ১৪ মে ২০২৬, ০৩:২৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ পরিবহনের সময় তিনটি ট্রাক আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার কালাবিবি দিঘির মোড়ে পিএবি সড়কে অভিযান চালিয়ে এসব ট্রাক আটক করা হয়।

এ সময় তিনটি ট্রাক মালিককে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে অবরোধকালীন সময়ে সামুদ্রিক মাছ ধরা ও পরিবহন করবে না বলে মুচলেকা দিলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে সাগরে মাছ শিকার করে পাইকারি মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছভর্তি এসব ট্রাক আটক করা হয়। ট্রাকগুলো বাঁশখালী উপকূল থেকে মাছ নিয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। আটকের পর তিনটি ট্রাকেই লইট্যাসহ পাঁচ মিশালী মাছ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ পরিবহনের দায়ে তিন ট্রাক মালিক বাঁশখালী উপজেলার বাসিন্দা জয়নাল আবেদীন, শহীদুল আলম ও মোহাম্মদ শরীফকে এক লাখ ২৫ হাজার টাকা করে মোট তিন লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এর ৩ ধারার উপধারা (৩), ১৬ ধারার উপধারা (৬) এবং ৫৪ ধারার উপধারা (২) মোতাবেক এ জরিমানা করা হয়। অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত