কোপা দো ব্রাসিলের পরবর্তী রাউন্ড নিশ্চিত করার রাতে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন সান্তোস তারকা নেইমার। বুধবার কুটো পেরেইরা স্টেডিয়ামে করিটিবার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের পর মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে এক সমর্থকের কটূক্তির শিকার হন তিনি। তবে দমে না গিয়ে সপাটে পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচে যখন বদলি হিসেবে মাঠ ছাড়ছিলেন নেইমার, তখন গ্যালারি থেকে এক সমর্থক চিৎকার করে বলেন, "তুমি বিশ্বকাপে যাচ্ছ না!" এমন প্ররোচনার মুখে মেজাজ না হারিয়ে হেসেই উড়িয়ে দেন তিনি। পাল্টা জবাবে ওই সমর্থককে উদ্দেশ্য করে চুমু ছুড়ে দিয়ে নেইমার বলেন, "আর তুমি বাড়িতেই বসে থাকবে।"
এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে নেইমারের জায়গা পাওয়া নিয়ে যখন ব্যাপক জল্পনা চলছে, ঠিক সেই মুহূর্তেই এমন মন্তব্য ও পাল্টা জবাব নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল সান্তোস
ম্যাচে অবশ্য আধিপত্য বিস্তার করেই জিতেছে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর ফিরতি লেগে ২-০ গোলের জয় নিয়ে শেষ ১৬-তে পা রাখল কুকার দল। সান্তোসের হয়ে ম্যাচের নায়ক ছিলেন গ্যাব্রিয়েল বোনটেম্পো, যিনি বক্সের বাইরে থেকে এক দর্শনীয় গোল করে দলকে লিড এনে দেন। বিরতির ঠিক আগে দ্বিতীয় গোলটি করেন আদোনিস ফ্রিয়াস।
চূড়ান্ত ঘোষণার আগে শেষ পরীক্ষা রবিবার
আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার আগে নেইমারের সামনে নিজেকে প্রমাণের জন্য আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই তারকার জন্য আগামী রোববারের ম্যাচটিই হতে যাচ্ছে 'অগ্নিপরীক্ষা'।
ইতালিয়ান কোচ আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি খেলোয়াড়দের ফিটনেস ও মাঠের তীব্রতা সহ্য করার ক্ষমতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। চোট এবং মাঠের বাইরের নানা বিতর্কের পর নেইমার সম্প্রতি সান্তোসের হয়ে টানা ম্যাচ খেলে নিজের শারীরিক সক্ষমতার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে নেইমারের ঝুলিতে রয়েছে ৬টি গোল এবং ৩টি অ্যাসিস্ট।
খন দেখার বিষয়, আগামী রবিবারের পারফরম্যান্স দিয়ে তিনি আনচেলত্তির 'ফেভারিট লিস্টে' জায়গা করে নিতে পারেন কি না।
মেসির জোড়া ও অ্যাসিস্টে ৮ গোলের থ্রিলার জয় মায়ামির