যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে জঙ্গীসংস্থা আইএসের (আইএসআইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৬ মে) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত জটিল ও পরিকল্পিত একটি অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, 'আবু-বিলাল আল-মিনুকি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে বলে ভেবেছিল। কিন্তু আমাদের কাছে এমন সূত্র ছিল, যারা তার গতিবিধি সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছিল।' ট্রাম্প আরও দাবি করেন, মিনুকি ছিল বিশ্বের 'সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজন' এবং তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদও জানান তিনি।
এর আগে নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে দেশটির সমালোচনা করেছিলেন ট্রাম্প। যদিও নাইজেরিয়া সরকার সেই অভিযোগ অস্বীকার করে। গত বছরের বড়দিনে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামপন্থি ঘাঁটি লক্ষ্য করে হামলাও চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
