ইউক্রেনজুড়ে রাতভর ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়া। সোমবার (১৮ মে) ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত একজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের দনিপ্রোসহ বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ওডেসার স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক টেলিগ্রামে জানান, রুশ ড্রোন হামলায় আবাসিক ভবন, একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় পৃথক হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ। এছাড়া দক্ষিণাঞ্চলের খেরসনে হামলায় একজন নিহত ও নয়জন আহত হওয়ার তথ্য দিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর প্রকুদিন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফ্যাক্স জানিয়েছে, রোস্তভ ও বেলগোরোদসহ কয়েকটি অঞ্চলে রাতভর ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে সপ্তাহান্তে ইউক্রেন মস্কো লক্ষ্য করে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায়। এতে অন্তত চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন মস্কো অঞ্চলের বাসিন্দা। যুদ্ধক্ষেত্রের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে।
